লেবাননের রাজধানী বেইরুতের আকাশে পর পর কয়েকটি বিকট বিস্ফোরণের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বিপুল পরিমাণ লিফলেট ছোড়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) এই নজিরবিহীন ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপি ও লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে স্বল্প সময়ের ব্যবধানে বেইরুতের আকাশে অন্তত ৪টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই আকাশ থেকে বৃষ্টির মতো সাদা কাগজ বা লিফলেট ভেসে পড়তে দেখেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পশ্চিম বেইরুতের ভার্দুন, হামরা এবং আইন আল-ম্রেইসেহ এলাকার খুব ওপর দিয়ে উড়ে গিয়ে এসব লিফলেট ফেলে।
লিফলেটগুলোতে লেবাননের সাধারণ জনগণের উদ্দেশে সরাসরি বার্তা দেওয়া হয়েছে। একটি লিফলেটে লেখা ছিল— ‘হিজবুল্লাহকে অবশ্যই নিরস্ত্র করতে হবে, তারা ইরানের ঢাল।’ অন্য একটি লিফলেটে লেখা ছিল— ‘লেবাননের সিদ্ধান্ত আপনাদের হাতে—অন্য কারও নয়।’
বিশেষভাবে লক্ষ্য করা গেছে যে, প্রতিটি লিফলেটে একটি কিউআর (QR) কোড যুক্ত ছিল। লিফলেটগুলোতে দাবি করা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট-৫০৪’ লেবানন ও সে দেশের জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে। ওই কিউআর কোডের মাধ্যমে নির্দিষ্ট কিছু তথ্য বা যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আকাশে বিকট শব্দ এবং এরপর যুদ্ধবিমান থেকে লিফলেট ছোড়ার এই ঘটনায় বেইরুতজুড়ে যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক নাগরিক জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। বিশ্লেষকরা মনে করছেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে ইসরায়েল এই ধরনের পদক্ষেপ নিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments