Image description

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানের ওপর সর্বোচ্চ মাত্রায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুমকি দেন বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, "আজ আবারও ইরান ও তেহরানের আকাশে আমেরিকার সর্বোচ্চ হামলার দিন হতে যাচ্ছে। আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ীই এগিয়ে যাচ্ছি।" এ সময় তিনি আরও জানান, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের প্রায় ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা তাদের জন্য একটি বড় অর্জন।

এদিকে, প্রতিরক্ষামন্ত্রীর এই ঘোষণার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী সপ্তাহে ইরানে আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত নতুন তথ্যে জানানো হয়, ইরানে তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে— কমান্ড সেন্টার, অস্ত্র উৎপাদন কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সাবমেরিন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে, ইসরায়েলের সেনাবাহিনীও তেহরানে নতুন করে বিমান হামলার ঘোষণা দিয়েছে। বিবিসি নিউজ ফার্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার ভোর প্রায় ৫টা পর্যন্ত তেহরানে তীব্র হামলা চলেছে। এদিন সকালে ইরানের আরাক এবং কারাজ শহরেও বিমান হামলার খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

মানবকণ্ঠ/আরআই