Image description

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই জাপানের দিকে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৪ মার্চ) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক জরুরি সতর্কবার্তায় জানায়, ‘উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।’

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ং তাদের পশ্চিম উপকূল থেকে উত্তর-পূর্ব দিকে প্রায় ১০টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। এগুলো সর্বোচ্চ ৮০ কিলোমিটার (৫০ মাইল) উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে গিয়ে পড়ে।

এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে ওই এলাকায় চলাচলকারী কোনো জাহাজ বা বিমানের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যে উত্তর কোরিয়ার এই সামরিক তৎপরতা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার কড়া প্রতিবাদ হিসেবেই পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মানবকণ্ঠ/ডিআর