Image description

বগুড়ায় গণপিটুনি ও ‘মব’ সৃষ্টির মাধ্যমে আটক করে পুলিশে দেওয়া আওয়ামী লীগ নেতা শাহনূর আলম শান্ত (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কারাবন্দি অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই মাসে বগুড়া কারাগারে থাকা ছয়জন আওয়ামী লীগ নেতার মৃত্যু হলো, যা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত শাহনূর আলম শান্ত বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামের বাসিন্দা। বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শহরের নারুলী কৃষি ফার্মের সামনে একদল যুবক ‘মব’ সৃষ্টি করে শান্তকে আটক ও মারধর করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত ১৭ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বগুড়া থেকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। কেরানীগঞ্জ কারাগারের ডেপুটি জেলার তায়েবা জানান, শাহনূর আলম শান্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে কয়েকবার হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, শাহনূর আলম শান্ত একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামের রজব আলী অভিযোগ করেন, "বঙ্গবন্ধুর আদর্শ লালন করার অপরাধে ৪ জানুয়ারি একদল যুবক তাকে ‘মব’ করে আটক করে এবং পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় তাকে মারধর করে পুলিশে দেওয়া হয়। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকলেও পুলিশ তাকে একটি সাজানো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখায়।" তিনি আরও দাবি করেন, কারাকর্তৃপক্ষের অবহেলা ও সুচিকিৎসার অভাবেই এই অকাল মৃত্যু হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ওপেল এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, "একের পর এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। এটি চরম মানবাধিকার লঙ্ঘন।"

উল্লেখ্য, এর আগে গত দুই মাসে বগুড়া কারাগারে থাকা অবস্থায় গাবতলীর এমদাদুল হক ভুট্টু, আবদুল মতিন মিঠু, জেলা আওয়ামী লীগের শাহাদত আলম ঝুনু, শিবগঞ্জের আবদুল লতিফ এবং ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শহিদুল ইসলাম রতন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শাহনূর আলম শান্তকে নিয়ে এই সংখ্যা ৬-এ দাঁড়াল।

মানবকণ্ঠ/ডিআর