Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বড় ধরনের সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। হাদির ঘাতকদের বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী ফিলিপ সাংমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাহিনীটি। তদন্তে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ এসটিএফ।

এসটিএফ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফিলিপকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে এসটিএফ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীদের দাবি, গ্রেপ্তারকৃত ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক। তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সরাসরি সহায়তা করেছিলেন। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না এবং ঘাতকরা বর্তমানে কোথায় অবস্থান করছে, তা জানতে ফিলিপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে নৃশংস হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে পরিবারের ইচ্ছায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, গুলি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান লড়াকু এই নেতা।

হাদি হত্যাকাণ্ডের পর থেকে ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ছিল দেশ। এবার পশ্চিমবঙ্গে তাদের সহায়তাকারী গ্রেপ্তারের খবর এই মামলার বিচারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর