রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে সাজেক-খাগড়াছড়ি সড়কের চাম্পাকলা বাউন্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে চাম্পাকলা বাউন্তী এলাকায় একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে উল্টে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটির ব্রেক ফেল করলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে অটোরিকশায় থাকা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
ঘটনার পরপরই খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা আহত পর্যটককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে সাজেক টিওবির পর্যটক এসকর্টের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি সাফারি গাড়িতে করে তাকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো বিপদে সেনাবাহিনীর এমন তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments