Image description

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান রক্তক্ষয়ী সংঘাতের ১৬তম দিনে ইসরায়েলের ভেতরে আহতের সংখ্যা বেড়েই চলেছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৮ জন আহত ব্যক্তিকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ আজ রোববার (১৫ মার্চ) এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত ১০৮ জনের শারীরিক অবস্থা বা আঘাতের ধরণ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার সাইরেন শুনে তড়িঘড়ি করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে কিংবা সরাসরি হামলার কবলে পড়ে তারা আহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়ে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন ইসরায়েলি নাগরিককে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, ইরানের এই কঠোর পাল্টা জবাবের ফলে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। বৈশ্বিক বিশ্লেষকদের মতে, ইরান যেভাবে ডজন ডজন ড্রোন ও মিসাইল দিয়ে হামলা অব্যাহত রেখেছে, তাতে ইসরায়েলের ভেতরে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

তথ্যসূত্র: আল–জাজিরা

মানবকণ্ঠ/আরআই