Image description

প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। রাজধানী নাইরোবিসহ দেশের বিভিন্ন প্রান্ত এখন পানির নিচে, লণ্ডভণ্ড হয়ে গেছে জনজীবন। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং বিদ্যুৎ-পানির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ।

কেনিয়া পুলিশের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এর মধ্যে শুধু রাজধানী নাইরোবিতেই মারা গেছেন ৩৩ জন। শহরটির দুর্বল ড্রেনেজ ব্যবস্থা এবং অপরিকল্পিত নির্মাণের ফলে নদী ও নালাগুলো উপচে পড়ায় এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় অনেক স্কুল ও গুরুত্বপূর্ণ স্থাপনা প্লাবিত হওয়ায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক কার্যক্রম।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, নাইরোবিতে পানিবন্দি হয়ে পড়া একটি ‘মাতাতু’ (স্থানীয় মিনিবাস ট্যাক্সি) থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি প্লাবিত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুই শিশুকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিতে বাধ্য হয়েছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের কাছে জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এই প্রাকৃতিক বিপর্যয় শুধু কেনিয়াতেই সীমাবদ্ধ নেই; পার্শ্ববর্তী দেশ ইথিওপিয়াতেও বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে বায়ুমণ্ডল উষ্ণ হয়ে ওঠায় কেনিয়াসহ এই অঞ্চলে চরম মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। শিল্পযুগের শুরুর তুলনায় বিশ্বের তাপমাত্রা ইতোমধ্যে ১.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যা প্রকৃতিকে আরও অস্থির করে তুলছে। দ্রুত কার্বন নিঃসরণ না কমালে ভবিষ্যতে এমন দুর্যোগের তীব্রতা আরও বাড়বে বলে সতর্ক করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।

মানবকণ্ঠ/আরআই