নেতানিয়াহুর ‘বেঁচে থাকার’ ভিডিও নিয়ে ধূম্রজাল, ‘ডিপফেক’ বলে দাবি গ্রোকের
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে চলমান গুঞ্জনের মধ্যে তাঁর প্রকাশিত একটি নতুন ভিডিও ঘিরে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। নিজের অস্তিত্বের প্রমাণ দিতে প্রকাশিত ওই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা ‘ডিপফেক’ বলে দাবি করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর এআই চ্যাটবট ‘গ্রোক’।
গত সপ্তাহ থেকে ইরান-ইসরায়েল উত্তজনা ও তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে নেতানিয়াহুর নিরাপত্তা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন নেতানিয়াহু। ভিডিওটিতে তাঁকে জেরুজালেম হিলসের ‘দ্য সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।
ভিডিওতে নিজের মৃত্যুর গুজব নিয়ে রসিকতা করে নেতানিয়াহু বলেন, “আমি এক কাপ কফির জন্য মরে যাচ্ছি (আই অ্যাম ডাইয়িং ফর কফি)।” এর আগে একটি ভিডিওতে তাঁর এক হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ায় সেটি এআই দিয়ে তৈরি বলে প্রচার হয়েছিল। সেই বিতর্ক কাটাতে নতুন ভিডিওতে তিনি দুই হাত উঁচিয়ে আঙুল গুনে দেখান এবং বলেন, “আপনারা আঙুলের সংখ্যা গুনতে চান? দেখুন!”
তবে এআই চ্যাটবট ‘গ্রোক’ এই ভিডিওটিকে ভুয়া বলে শনাক্ত করেছে। এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে গ্রোক জানায়, “এই ভিডিওটি এআই-জেনারেটেড। এটি একটি উন্নত ডিপফেক ভিডিও। নেতানিয়াহু জনসমক্ষে কোনো ক্যাফেতে বসে ইরান-লেবাননের মতো অত্যন্ত গোপনীয় সামরিক অভিযানের বিষয়ে কথা বলবেন—বাস্তবে এমন ঘটনার কোনো অস্তিত্ব নেই।”
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি করেছেন, ভিডিওর এক পর্যায়ে নেতানিয়াহুর মুখের আকৃতি বদলে ডিম্বাকৃতি হয়ে যায় এবং কফির কাপটি অভিকর্ষ বল উপেক্ষা করে অস্বাভাবিকভাবে নড়াচড়া করছিল।
অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব দাবিকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। এছাড়া যে ক্যাফেতে ভিডিওটি ধারণ করা হয়েছে, তারাও ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর কফি পানের স্থিরচিত্র পোস্ট করে তাঁর উপস্থিতির কথা নিশ্চিত করেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments