বাগদাদে মার্কিন ও ইরান সমর্থিত গোষ্ঠীর পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ৪
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনী ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রগুলোর মতে, একটি ইরান-সমর্থিত গোষ্ঠীর ব্যবহৃত ভবনে বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। একই সময়ে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
স্থানীয় সূত্র জানায়, বাগদাদের জাদিরিয়া জেলায় এই প্রাণঘাতী হামলার ঘটনাটি ঘটে।
এর কিছুক্ষণ আগে কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
যাচাইকৃত ভিডিও ও ছবিতে দূতাবাসের কাছ থেকে আগুন ও ধোঁয়া উড়তে দেখা গেছে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালানো হয়।
এছাড়া অন্য ফুটেজে দেখা যায়, দূতাবাসের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভোরে দূতাবাসের সি-র্যাম (C-RAM) প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন গুলি করে নামায়।
তবে তৃতীয় একটি ড্রোন দূতাবাস কম্পাউন্ডের ভেতরে আঘাত হানে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়, দূতাবাস এলাকার ভেতর থেকেই আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।




Comments