মধ্যপ্রাচ্যে উত্তেজনা থামার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনই এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন ‘ইরান এখন মৃত’। এরপর নতুন শত্রুদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি।
আজ রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ‘ইরানের মৃত্যু’ নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘ইরানের মৃত্যুর সঙ্গে সঙ্গে এখন আমেরিকার সবচেয়ে বড় শত্রু হলো র্যাডিকাল লেফট, সম্পূর্ণ অযোগ্য ডেমোক্র্যাটিক পার্টি!’
এর আগে ট্রাম্প হরমুজ প্রণালি সম্পূর্ণ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘এই মুহূর্ত থেকে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি হুমকিমুক্তভাবে সম্পূর্ণ না খোলে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা করে ধ্বংস করবে৷ এর শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে! বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ধন্যবাদ।’
অন্যদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি আলি মুসাভি স্পষ্ট করেছেন, বিদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে, তবে নিরাপত্তা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় করতে হবে। মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মুসাভি বলেছেন এই সহযোগিতা কৌশলগত জলপথে স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরিহার্য।
তবে কোন দেশের জাহাজ চলতে পারবে সে বিষয়ে কড়া বিভাজন টেনেছেন মুসাভি। তিনি দাবি করেছেন, ‘হরমুজ প্রণালি শুধু ইরানের শত্রুদের জন্য বন্ধ।’
ট্রাম্পের ইরানকে দেওয়া এই আল্টিমেটামের পেছনে তীব্র দেশীয় ও আন্তর্জাতিক চাপ আছে। ইরানের অঘোষিত এই অবরোধের কারণে বিশ্বের তেলের দাম এই মাসে ব্যাপকভাবে বেড়েছে।




Comments