যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে এয়ার কানাডার একটি উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ মার্চ) রাতে সংঘটিত এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, কানাডার মন্ট্রিয়ল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের সিআরজে-৯০০ উড়োজাহাজটি রানওয়েতে থাকা দমকল বাহিনীর একটি ট্রাককে ধাক্কা দেয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, সংঘর্ষের সময় উড়োজাহাজটি ঘণ্টায় প্রায় ২৪ মাইল (৩৯ কিমি) গতিতে চলছিল।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এদিকে দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক জরুরি নির্দেশনায় বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। পরিস্থিতির ওপর ভিত্তি করে এই বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।
তবে উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন এবং এই সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মানবকণ্ঠ/ডিআর




Comments