Image description

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে গেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। মঙ্গলবার (২৪ মার্চ) তাদের দিল্লির এনআইএ আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতেই কড়া নিরাপত্তায় কলকাতা থেকে তাদের দিল্লিতে স্থানান্তর করা হয়। এর আগে গত ২২ মার্চ কলকাতার বিধাননগর আদালতে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করে এনআইএ, যা আদালত মঞ্জুর করেন। তবে পরদিন ২৩ মার্চ সংস্থাটি পুনরায় আবেদন করে জানায়, কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগারে ওই দুই আসামির নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত। সেখানে জিজ্ঞাসাবাদ করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তারা দিল্লিতে নেওয়ার অনুমতি প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ মার্চ ফয়সাল করিম ও আলমগীরকে ১২ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক নিশান মজুমদার। আগামী ২ এপ্রিল তাদের পুনরায় আদালতে হাজির করার কথা ছিল। তবে এনআইএ-এর বিশেষ আবেদনের প্রেক্ষিতে তাদের এখন দিল্লিতে জিজ্ঞাসাবাদ করা হবে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ’র (UAPA) ১৬ ও ১৮ ধারায় মামলা করা হয়েছে। এসব ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা বা সহায়তার অভিযোগ আনা হয়, যা প্রমাণিত হলে সর্বনিম্ন পাঁচ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

তবে আদালত থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ফয়সাল করিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেজে আমাকে গুলি করতে দেখা যাবে না। ঘটনার সময় আমি বাংলাদেশে ছিলাম।’ তবে পরবর্তীতে কীভাবে ও কেন তিনি ভারতে প্রবেশ করলেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে এই দুইজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)। এছাড়া এই মামলার আরেক অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর