ইরানের ড্রোন ও মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বাজলেই ইসরায়েলের জনজীবন থমকে যায়। প্রাণ বাঁচাতে সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন, তখন এই জরুরি অবস্থাকেই পুঁজি করে অভিনব এক জালিয়াতি শুরু করেছে একদল সুবিধাবাদী ইসরায়েলি। সাইরেন বাজার সুযোগে তারা রেস্তোরাঁ বা দোকানের বিল পরিশোধ না করেই সটকে পড়ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১৩’ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া শেষ করে কিংবা দোকান থেকে পণ্য কেনাকাটা করে ইচ্ছাকৃতভাবে সাইরেন বাজার জন্য অপেক্ষা করতে থাকেন। সাইরেন বেজে উঠলে যখন দোকানের কর্মী ও সাধারণ মানুষ আতঙ্কে দ্রুত আশ্রয়কেন্দ্রে (শেল্টার) যাওয়ার জন্য দৌড় দেন, তখন সেই বিশৃঙ্খলার সুযোগ নেন তারা। আশ্রয়কেন্দ্রে যাওয়ার ভান করে বিল না দিয়েই তারা সেখান থেকে চম্পট দিচ্ছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে দুই পক্ষের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়। এর জের ধরে ইরান প্রতিদিন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে বারবার সতর্কতামূলক সাইরেন বাজছে। যুদ্ধের এই চরম উত্তেজনাকর পরিস্থিতিকেই এখন নিজেদের ব্যক্তিগত স্বার্থে এবং জালিয়াতির কাজে ব্যবহার করছেন কিছু সুবিধাবাদী নাগরিক।
সূত্র: চ্যানেল-১৩
মানবকণ্ঠ/ডিআর




Comments