Image description

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভেন্টিলেশনে আছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পিকারের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ সিঙ্গাপুরের ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগামীকাল শনিবার সকালে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এর আগে দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। সেখানে শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।

শায়রুল কবির খান আরো জানিয়েছেন, একই হাসপাতালে (সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল) সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

তবে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে বলে আশা করছেন তার পরিবারের সদস্যরা।