Image description

শরীয়তপুর শহীদ মিনারের পাশেই জুলাই যোদ্ধাদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ টার দিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন। 

১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পাটের বস্তা, ব্যাগ ও দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দিচ্ছেন।

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।”

এই স্ট্যাটাস ও ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির বিভিন্ন অংশ পুড়ে গেছে এবং একাধিক স্থানে পোড়ার দাগ স্পষ্ট। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শরীয়তপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের চরম ব্যর্থতার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

এদিকে, শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান মুঠোফোনে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।