মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের বিশেষ সামরিক বাহিনীর শত শত সৈনিক মোতায়েন রয়েছে। এর মধ্যে নৌবাহিনীর বিশেষ কমান্ডো (নেভি সিল) এবং সেনাবাহিনীর রেঞ্জাররাও আছেন। পাশাপাশি হাজারো মেরিন এবং সেনাবাহিনীর প্যারাট্রুপারও সেখানে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো সোমবার সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছে।
সূত্রের কাছ থেকে পাওয়া খবর জানিয়ে সিবিএস নিউজ লিখেছে, এই মোতায়েনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি রাখা হচ্ছে।
বিকল্পগুলো কী কী? ইরান বর্তমানে কার্যত হরমুজ প্রণালিতে অবরোধ পরিস্থিতি বজায় রেখেছে। এর মধ্যে প্রণালিটি আবার চালু করার লক্ষ্যে অভিযান চালানো, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ থেকে তেল দখল করা, কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার মতো পদক্ষেপও থাকতে পারে।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম।
এর আগে শনিবার সেন্টকম জানিয়েছিল, ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।




Comments