যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানের পক্ষে লড়বে দুর্ধর্ষ চেচেন বাহিনী
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের স্থল অভিযান শুরু করে, তবে ইরানি সশস্ত্র বাহিনীকে সরাসরি সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত রয়েছে রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ সামরিক ইউনিটগুলো। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত বাহিনীগুলো এই সংঘাতকে একটি ‘ধর্মীয় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা ইরানকে রক্ষার এই লড়াইকে মন্দের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবে গণ্য করছে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সরাসরি হস্তক্ষেপ রুখতেই তারা এই প্রস্তুতির কথা জানিয়েছে।
সংবাদমাধ্যমটি দাবি করেছে, গত কয়েক সপ্তাহের বিমান অভিযান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন স্থল অভিযানের পরিকল্পনা করছেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা চলাকালে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার এবং দক্ষিণ ইরানের মিনাব এলাকায় ১৭০ জনেরও বেশি শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যার ঘটনার পর এই সংঘাতের সূত্রপাত হয়।
এর জবাবে ইরান এ পর্যন্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক স্থাপনায় ৮৬ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এদিকে, সংঘাতের ময়দানে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। ইউক্রেন প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এটি রাশিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই যুদ্ধের প্রভাব মস্কো ও কিয়েভের দীর্ঘস্থায়ী সংঘাতের সাথেও যুক্ত হতে পারে।
সূত্র: প্রেস টিভি
মানবকণ্ঠ/আরআই




Comments