Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আবারও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

মঙ্গলবার দুপুরে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের নেতৃত্বে  গাউছিয়া মার্কেট সংলগ্ন সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল ও নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। এসময় ১১ জন হকারকে আটক করে জেলে পাঠানো হয়।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য স্বেচ্ছাসেবী সংগঠনের ভলেন্টিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত ও সড়ক দখল করে রাখায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ অবৈধভাবে সড়ক দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানালেও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।