Image description

জাতীয় সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনা চলাকালে বাহাত্তরের সংবিধান এবং এর সংস্কার ইস্যু নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, "যারা বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলতে চান, তারা মূলত স্বাধীনতা বিরোধীদের সাথে একাত্মতা পোষণ করছেন।" তাঁর এই বক্তব্যের সময় সরকারি দলের অনেক মন্ত্রী টেবিল চাপড়ে তাঁকে সমর্থন জানান।

পার্থের এই বক্তব্যের কড়া জবাব দিতে গিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "মাননীয় সংসদ সদস্য পার্থ যখন সংবিধান ছুড়ে ফেলতে চাওয়া ব্যক্তিদের স্বাধীনতা বিরোধীদের সাথে মেলালেন, তখন ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা হাততালি দিয়ে তা সমর্থন করেছেন। অথচ তাঁরা ভুলে গেছেন যে, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন—যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে এবং পার্লামেন্ট প্রকৃত অর্থে জনগণের হাতে আসবে, সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে।"

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, "ট্রেজারি বেঞ্চে বসা অনেক মন্ত্রীই দীর্ঘকাল বেগম জিয়ার সাথে রাজনীতি করেছেন। আজ আন্দালিব রহমান পার্থ যখন সংবিধান পরিবর্তনের সমর্থকদের স্বাধীনতা বিরোধীদের সাথে তুলনা করলেন এবং আপনারা তাতে হাততালি দিলেন, এর মাধ্যমে আপনারা মূলত বেগম জিয়াকেই অপমান করেছেন কি না, তা ভেবে দেখবেন।"

সংবিধানের ভবিষ্যৎ এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে দুই নেতার এই পাল্টাপাল্টি বক্তব্য সংসদ অধিবেশনে বেশ উত্তাপ সৃষ্টি করে।

মানবকণ্ঠ/আরআই