Image description

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নজিরবিহীনভাবে বৃদ্ধির পর পাকিস্তানে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বড় ধরনের স্বস্তিমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সিন্ধ ও পাঞ্জাব প্রাদেশিক সরকার। মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য নগদ ভর্তুকি এবং গণপরিবহন পুরোপুরি ফ্রি করার ঘোষণা দেওয়া হয়েছে। বৈশ্বিক তেল সংকটের প্রভাব মোকাবিলায় এই পদক্ষেপগুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য ডন' জানায়, সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম ৪৩ শতাংশ এবং হাই-স্পিড ডিজেলের দাম ৫৫ শতাংশ বাড়ানোর পর এই জনবান্ধব সিদ্ধান্তগুলো আসে। মূলত আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল পাকিস্তানে বৈশ্বিক তেলের দামের চাপ সামাল দিতে সরকার এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

করাচিতে এক সংবাদ সম্মেলনে সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য ২ হাজার রুপি করে সরাসরি নগদ জ্বালানি ভর্তুকি দেওয়া হবে। এই কর্মসূচিটি কেন্দ্রীয় সরকারের ঘোষিত বৃহত্তর স্বস্তি পরিকল্পনার অংশ। তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সরকারকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, তবে সাধারণ মানুষের ওপর এর প্রভাব কমাতে আমরা বদ্ধপরিকর।”

অন্যদিকে, পাঞ্জাব সরকার ঘোষণা দিয়েছে যে প্রদেশজুড়ে শহরের ভেতরের সব গণপরিবহনে যাত্রীদের জন্য যাতায়াত সম্পূর্ণ ফ্রি করা হবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক বিবৃতিতে বলেন, “নাগরিকদের গণপরিবহনে ভ্রমণের সময় কোনো টিকিট কাটতে হবে না। পাঞ্জাবের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস ও গ্রিন ইলেকট্রিক বাসে এই সুবিধা মিলবে।”

মরিয়ম নওয়াজ আরও জানান, কেবল গণপরিবহন নয়, কৃষি ও সাধারণ বাইক মালিকদের জন্যও আলাদা ভর্তুকি দেওয়া হবে। নিবন্ধিত মোটরসাইকেল মালিকরা প্রতি ২০ লিটার জ্বালানির ওপর লিটারপ্রতি ১০০ রুপি ভর্তুকি পাবেন। এ ছাড়া কৃষকদের জন্য প্রতি একর জমিতে ডিজেলের ওপর ১০০ রুপি করে ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি নাগরিকদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, “বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পাকিস্তানেও পড়েছে। কঠিন এই সময়ে আমরা জনগণকে একা ছেড়ে দেব না।”

মানবকণ্ঠ/ডিআর