অভিযুক্ত সিরাজুল ইসলাম | অভিযুক্ত সিরাজুল ইসলাম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মো. নূর আলমের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী পশ্চিমপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদের সামনে এই বর্বরোচিত হামলা চালানো হয়।
আহত সাংবাদিক নূর আলম জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হয়ে গেটে দাঁড়ালে পূর্ব শত্রুতার জেরে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা রামদা, চাপাতি, ছুরি, লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার একপর্যায়ে প্রধান অভিযুক্ত সিরাজুল ইসলাম অন্যদের তাকে হত্যার নির্দেশ দেন। এ সময় প্রাণভয়ে চিৎকার করলে মসজিদের মুসল্লিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। যাওয়ার সময় হামলাকারীরা তাকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দেয় বলেও তিনি জানান। ঘটনার পর নূর আলম স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় সিরাজুল ইসলাম, শাওন, শফিক, শহিদুল্লাহ, সানাউল্লাহ, ইমাম হোসেন শান্ত ও শিপুসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, “সাংবাদিকের ওপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments