Image description

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ থেকে শুরু হতে যাওয়া প্রথম দফার নির্বাচনকে লক্ষ্য করে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী রোববার (৫ এপ্রিল) উত্তরবঙ্গের কোচবিহার জেলার ঐতিহাসিক রাসমেলা ময়দানে এক বিশাল জনসভার মাধ্যমে তিনি বিজেপির নির্বাচনী প্রচারণার সূচনা করবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, প্রথম দফায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় কেবল দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট গ্রহণ করা হবে। বিজেপি এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কোচবিহারের জনসভায় অন্তত দেড় লক্ষাধিক মানুষের সমাগম করার লক্ষ্য নির্ধারণ করেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী মোদি রাজ্যজুড়ে অন্তত ১৪টি কর্মসূচি ও ৮টি রোড-শোতে অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিজেপির এই হাই-ভোল্টেজ প্রচারণায় মোদির পাশাপাশি থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ঘোষণা করেছেন, নির্বাচনের আগে টানা ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই অবস্থান করবেন এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন। শাহর দাবি, এবার বিজেপি ১৭০টির বেশি আসন জিতে রাজ্যে পরিবর্তন নিশ্চিত করবে। এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৮টি এবং মহাতারকা মিঠুন চক্রবর্তী ১০টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, প্রচারণার দৌড়ে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় গত এক সপ্তাহ আগেই উত্তরবঙ্গ থেকে তাঁর নির্বাচনী সফর শুরু করেছেন। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন টলিউড তারকা দেব ও সৌমি তৃষা কুণ্ডুর মতো জনপ্রিয় মুখেরা।

উল্লেখ্য, উত্তরবঙ্গ বর্তমানে বিজেপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। ২০২১ সালের নির্বাচনে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩০টিতেই জয়ী হয়েছিল বিজেপি। বিশেষ করে কোচবিহার জেলার ৯টি আসনের মধ্যে ৭টিই তাদের দখলে ছিল। সেই ধারা বজায় রেখে এবারও উত্তরবঙ্গ থেকেই জয়ের ধারা শুরু করতে চায় বিজেপি। বিপরীতে, হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেসও তাদের সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে।

মানবকণ্ঠ/ডিআর