Image description

ইরানে ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম 'তাসনিম নিউজ' এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার দিনভর পশ্চিম ইরানে একটি বিশাল উদ্ধার অভিযান চালায় মার্কিন বাহিনী। এই অভিযানে ব্ল্যাকহক হেলিকপ্টার এবং সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। ইরানের দাবি, এই ব্যর্থতার ফলে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে।

আইআরজিসি (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) জানিয়েছে, শুক্রবার সকালে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ইজেক্ট করে ইরানের ভূখণ্ডের ভেতরেই অবতরণ করেন। পরবর্তীতে দ্বিতীয় আরও একটি এফ-৩৫ বিমান ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি।

ইরানের একটি সূত্র দাবি করেছে, যুক্তরাষ্ট্র এখন তাদের সম্মান বাঁচাতে অন্য কাউকে ‘উদ্ধার হওয়া পাইলট’ হিসেবে উপস্থাপন করে বিশ্ববাসীর কাছে মিথ্যা প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে।

মানবকণ্ঠ/ডিআর