Image description

ময়মনসিংহের মুক্তাগাছায় জুয়ার আসরে বাবাকে শাসন করতে গিয়ে এক সেনাসদস্যের হামলায় লুৎফর রহমান সাজু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে উপজেলার দুল্লা ইউনিয়নের ইছাখালী টগারঘাট এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত লুৎফর রহমান সাজু স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় ‘লম্বা আব্দুল্লাহ’ হিসেবে পরিচিত আব্দুল্লাহসহ আরও অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়ার আসর বসছিল। এতে স্থানীয়দের পাশাপাশি বাইরের লোকজনও অংশ নিত। বিন্নাকুড়ি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহও নিয়মিত এসব আসরে জুয়া খেলতেন। আব্দুল্লাহর ছেলে জাহিদুল ইসলাম সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে তিনি ছুটিতে বাড়িতে রয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে বাবা আব্দুল্লাহ জুয়ার আসরে আছেন—এমন খবর পেয়ে জাহিদুল সেখানে যান। বাবাকে জুয়া খেলতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় উপস্থিত লুৎফর রহমান সাজু জাহিদুলের গালিগালাজের প্রতিবাদ করলে জাহিদুল তার ওপর চড়াও হন। একপর্যায়ে জাহিদুলের এলোপাতাড়ি কিল-ঘুষিতে সাজু গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার প্রভাবে এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। এর ফলে এলাকায় চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। পুলিশকে বারবার অবহিত করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানবকণ্ঠ/ডিআর