হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করেছিল আরব দেশগুলো। তবে তাদের এই উদ্যোগে ভেটো দিয়ে বাধা দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, আন্তর্জাতিক নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আরব দেশগুলো ‘সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন’ চেয়ে একটি প্রস্তাব পাসের চেষ্টা করেছিল। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী ওই তিন দেশের বিরোধিতার কারণে তা আর সফল হয়নি।
রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে তাদের নীতিগত অবস্থান থেকেই তারা এই পদক্ষেপের বিরোধিতা করেছে। তবে অনেকেই মনে করছেন, এই ভেটোর ফলে ইরান আন্তর্জাতিক তেল ও পণ্য সরবরাহ ব্যাহত করার এবং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে রাখার সুযোগ পেয়ে যাচ্ছে।
এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চলমান গভীর রাজনৈতিক বিভাজন আরও প্রকট হয়ে উঠেছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ঠেকানোর এই উদ্যোগে পশ্চিমা দেশ হয়েও ফ্রান্স এবার রাশিয়া ও চীনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments