দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত ও নির্বিচার হামলায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির চিকিৎসাসেবা। হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসাকর্মীদের লক্ষ্য করে চালানো এসব হামলায় স্বাস্থ্য ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে, যার ফলে জরুরি চিকিৎসার অভাবে সাধারণ মানুষ ওই অঞ্চল ছাড়তে বাধ্য হচ্ছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৩ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া ৮৭টি অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকেন্দ্র ধ্বংস হয়েছে এবং কমপক্ষে পাঁচটি হাসপাতাল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা 'ডক্টরস উইদাউট বর্ডারস' (এমএসএফ) জানিয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবেই ধারাবাহিকভাবে স্বাস্থ্য খাতের ওপর এসব হামলা চালানো হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ লেবাননকে বসবাসের অযোগ্য করে তুলতে এবং সাধারণ মানুষকে বাস্তুচ্যুত করতেই পরিকল্পিতভাবে স্বাস্থ্য অবকাঠামো ধ্বংস করছে ইসরায়েল।
গত ২ মার্চ ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান ও স্থল হামলা জোরদার করে ইসরায়েল। এসব প্রাণঘাতী হামলার কারণে এরই মধ্যে ওই অঞ্চলের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সরাসরি হামলার কারণে অনেক চিকিৎসাকর্মী এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে এবং হাসপাতালগুলোর জরুরি বিভাগে রোগীদের উপচে পড়া চাপ তৈরি হয়েছে। ক্যান্সার ও ডায়ালাইসিসের মতো জটিল রোগীদের বাধ্য হয়ে উত্তরাঞ্চলের হাসপাতালগুলোতে স্থানান্তর করতে হচ্ছে। বাদ যাচ্ছেন না উদ্ধারকর্মীরাও; ডব্লিউএইচও-এর মতে, সম্প্রতি একদিনেই পৃথক পাঁচটি হামলায় ৯ জন প্যারামেডিক নিহত ও সাতজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, চিকিৎসাকর্মী ও হাসপাতালের ওপর এই ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সরাসরি লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। জবাবদিহিতার অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত এক মাসে তারা লেবাননের প্রায় সাড়ে তিন হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এক হাজারের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১,৩৪৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১২৫ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ।
এই সংকটময় পরিস্থিতিতে ইতালি, স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপের ১৮টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা স্বাস্থ্যকর্মী, সহায়তাকর্মী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুত কূটনৈতিক সমাধানের তাগিদ দিয়েছে।
আলজাজিরা, মিডিল ইস্ট আই ও সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিশেষজ্ঞরা সতর্ক করেছেন—অবিলম্বে এই সংঘাত বন্ধ না হলে লেবাননের স্বাস্থ্য খাত সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্ম দেবে।
মানবকণ্ঠ/আরআই




Comments