Image description

ইরানের একটি প্রত্যন্ত অঞ্চলে গুলি করে ভূপাতিত হওয়া মার্কিন F-15 Eagle যুদ্ধবিমানের নিখোঁজ থাকা এক ক্রু সদস্যকে স্থানীয় সময় রোববার ভোরে উদ্ধার করেছে মার্কিন স্পেশাল বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানিয়েছেন, তিনি বর্তমানে ইরানের বাইরে নিরাপদ স্থানে রয়েছেন।

ট্রুথ সোশ্যালে একটি পোস্টেে ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে জানান, "আমরা তাকে পেয়েছি!" 

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। উদ্ধারকৃত ক্রু সদস্য একজন সম্মানিত কর্নেল, এবং তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ অবস্থায় আছেন।

ট্রাম্প বলেন, উদ্ধারকৃত কর্মকর্তা আহত হয়েছেন, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

উদ্ধার অভিযান সম্পর্কে ট্রাম্প বলেন, "আমার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী তাকে উদ্ধার করার জন্য বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্রে সজ্জিত কয়েক ডজন বিমান পাঠিয়েছে।"

মার্কিন কর্মকর্তারা এর আগে সিবিএস নিউজকে জানিয়েছিলেন, শুক্রবার ইরানি বাহিনীর হাতে ভূপাতিত হওয়া বিমানটিতে দুজন ক্রু সদস্য ছিলেন। 

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী এই হামলার দায় স্বীকার করে বলেছে, শুক্রবার সকালে দক্ষিণ-পশ্চিম ইরানে বিমানটি ভূপাতিত করা হয়েছে। দুজন অস্ত্র বিশেষজ্ঞ সিবিএস নিউজকে জানিয়েছেন, ইরানের গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি, যা ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ভগ্নাবশেষ বলে দাবি করা হয়েছে, তা একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে।

মার্কিন কর্মকর্তারা এর আগে জানিয়েছিলেন, এফ-১৫ই বিমানটির পাইলট নিরাপদে ইজেক্ট করার পর দুটি সামরিক হেলিকপ্টারের সাহায্যে তাকে উদ্ধার করা হয়, কিন্তু দ্বিতীয় ক্রু সদস্য, যিনি একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা, তিনি নিখোঁজ ছিলেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের উদ্ধার অভিযানের সময় উদ্ধারকৃত পাইলটকে বহনকারী একটি হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়। হেলিকপ্টারে থাকা ক্রু সদস্যরা আহত হলেও, হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া একটি এ-১০ ওয়ারথগও গুলির মুখে ক্ষতিগ্রস্ত হয়। তবে এর পাইলটকে পারস্য উপসাগরের ওপর দিয়ে ইজেক্ট করা হয় এবং সফলভাবে উদ্ধার করা হয়।

সিবিএস নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, শত শত বিশেষ বাহিনীর সদস্য এবং কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে একটি জটিল অভিযান চালিয়ে মার্কিন কমান্ডোরা নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করেছে। উদ্ধারকালে ইরানি সৈন্যদের সঙ্গে গোলাগুলি হলেও কোনো মার্কিন হতাহতের ঘটনা ঘটেনি। আহত কর্মকর্তা বর্তমানে চিকিৎসার জন্য কুয়েতে পাঠানো হয়েছে।

সিআইএ ও জটিল সামরিক অভিযান:
নিউ ইয়র্ক টাইমস সর্বপ্রথম প্রকাশ করেছে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য, যা দুই মার্কিন কর্মকর্তার কাছ থেকে পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজ ক্রু সদস্য যেখানে লুকিয়ে ছিলেন, সেখান থেকে ইরানি সৈন্যদের দূরে রাখতে বোমা ও গোলাবর্ষণসহ একটি ভয়াবহ সামরিক অভিযান চালানো হয়। ওই সময় তার কাছে কেবল একটি হ্যান্ডগান ছিল।

উদ্ধারকর্মীদের নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত দুটি মার্কিন পরিবহন বিমান ইরানের প্রত্যন্ত ঘাঁটিতে আটকা পড়লে, নতুন তিনটি বিমান পাঠিয়ে তাদের উদ্ধার করা হয় এবং পূর্বের দুটি বিমান ধ্বংস করা হয় যাতে এগুলো ইরানের দখলে না যায়।

রোববার সিবিএস নিউজকে ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযানে সিআইএ গভীরভাবে জড়িত ছিল। তাদের পরিকল্পনায় একটি প্রতারণামূলক অভিযানও চালানো হয়, যাতে ইরানের অভ্যন্তরে ছড়ানো হয় যে ক্রু সদস্য ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এবং স্থলপথে দেশ থেকে পাচার করা হচ্ছে। একই সঙ্গে, সিআইএ পাহাড়ের ফাটলে ক্রু সদস্যের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহার করে।

সিআইএ সেই তথ্য পেন্টাগন ও হোয়াইট হাউসের সঙ্গে ভাগ করে দেয়, এরপর ট্রাম্প অবিলম্বে উদ্ধার অভিযান শুরু করার নির্দেশ দেন এবং সিআইএ তথ্য সরবরাহ অব্যাহত রাখে।