সংবাদপত্র এবং প্রিন্ট সাংবাদিকতার ওপর নির্ভরশীলতা কমাতে বিশ্বের অন্যতম প্রভাবশালী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের বেশকিছু সাংবাদিককে ‘বাইআউট’ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের আওতায় স্বেচ্ছায় অবসর গ্রহণে সম্মত হলে কর্মীরা আর্থিক সুবিধা পাবেন।
এপির সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন ‘নিউজ মিডিয়া গিল্ড’ জানিয়েছে, সোমবার তাদের ১২০ জনেরও বেশি কর্মীকে বাইআউট অফার দেওয়া হয়েছে।
একসময় এপির আয়ের সিংহভাগ আসত বড় সংবাদপত্রগুলোর কাছে থেকে। যা বর্তমানে মাত্র ১০ শতাংশে দাঁড়িয়েছে। আর্থিক ধস ও সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে বার্তা সংস্থাটি এখন ভিজ্যুয়াল সাংবাদিকতা এবং নতুন আয়ের উৎস তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) বিনিয়োগ করা কোম্পানিগুলোর সঙ্গে কাজের প্রতি জোর দিচ্ছে।
এপির নির্বাহী সম্পাদক জুলি পেস এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা আর সংবাদপত্রভিত্তিক কোম্পানি নই। এই চিত্র অনেক আগেই বদলে গেছে।’
২০২২ সালের পর থেকে বার্তা সংস্থাটি যুক্তরাষ্ট্রে তাদের ভিডিও জার্নালিস্টের সংখ্যা প্রায় দ্বিগুণ করেছে। তবে এখনো দৈনিক পত্রিকাকেন্দ্রিক সাংবাদিকদের একটি অংশ সংস্থাটিতে কর্মরত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সংবাদপত্রগুলোতে খবর সরবরাহের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।




Comments