Image description

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটিতে সব ধরনের যান চলাচল স্থগিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিং ফাহাদ কজওয়ে কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি সৌদি আরব ও দ্বীপরাষ্ট্র বাহরাইনের মধ্যে একমাত্র সড়ক সংযোগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এদিকে, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন—ইরান যদি হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয়, তবে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হতে পারে। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বেসামরিক স্থাপনায় আঘাত এলে ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পারস্য উপসাগরীয় অঞ্চল বর্তমানে চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

মানবকণ্ঠ/ডিআর