কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল। পিটিআইয়ের এই কর্মসূচিকে কেন্দ্র করে বড় ধরনের অস্থিতিশীলতা এড়াতে রাওয়ালপিন্ডি শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা রক্ষায় আগামী ১৫ দিনের জন্য রাওয়ালপিন্ডিতে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, ৯ এপ্রিল ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দিবসটি উপলক্ষে পিটিআই এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয়।
এদিকে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনকে এই সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে, ইমরান খানের আইনি লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় আইনি পরামর্শ গ্রহণের জন্য ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীদের সাক্ষাতের ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে আদালত মামলাটি দ্রুত নিষ্পত্তিরও ইঙ্গিত দিয়েছেন।
তথ্যসূত্র : ডন
মানবকণ্ঠ/আরআই




Comments