Image description

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী একটি যাত্রীবাহী ফ্লাইটে পাশে বসে থাকা এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সুধীর কুমার চৌহান বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। গত সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।

পুলিশ ও বিমান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাঝ আকাশে উড্ডয়নরত অবস্থায় পাশে বসে থাকা ওই নারীকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতন করেন সুধীর। নির্যাতনের শিকার নারী তাৎক্ষণিকভাবে বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে তাকে দ্রুত অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয় এবং পার্থ বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে বার্তা পাঠানো হয়।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে ফ্লাইটটি অবতরণ করা পর্যন্ত বিমানকর্মীরা অভিযুক্ত সুধীর কুমারের ওপর কড়া নজরদারি রাখেন। পার্থ বিমানবন্দরে বিমানটি অবতরণ করার পরপরই পুলিশ ভেতরে প্রবেশ করে তাকে আটক করে। তার বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং অশালীন আচরণের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এএফপির ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট পিটার ব্রিন্ডাল এক বিবৃতিতে বলেন, "প্রত্যেক যাত্রীর নিরাপদে ভ্রমণের অধিকার রয়েছে। বিশেষ করে বিমানের মতো জায়গায় যখন অন্য যাত্রীদের খুব কাছাকাছি থাকতে হয়, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।" তিনি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্পর্শ বা আচরণের শিকার হলে যাত্রীদের দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান।

‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অভিযুক্ত সুধীর কুমার পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে। স্কুট এয়ারলাইনস এবং অস্ট্রেলীয় পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে বিমানবন্দর ও বিমানের ভেতরে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছে।

আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা, বিশেষ করে নারী যাত্রীদের সুরক্ষা নিয়ে এই ঘটনাটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। পার্থ পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অস্ট্রেলিয়ার কঠোর আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

মানবকণ্ঠ/আরআই