Image description

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি টাইগাররা। জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য এখন ২৪৮ রান।

শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে সফরকারীরা। কিউইদের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন হেনরি নিকোলস। এছাড়া ডিন ফক্সক্রফট করেন ৫৯ রান।

এদিন শুরুতেই কিউই ওপেনার নিক কেলিকে (৭) ফিরিয়ে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় উইকেটে ৭৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ব্যক্তিগত ৩০ রানে ইয়াং আউট হলে এই জুটি ভাঙে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশের বোলাররা।

কিউই অধিনায়ক টম ল্যাথাম আজ সুবিধা করতে পারেননি, মেহেদী হাসান মিরাজের বলে আউট হওয়ার আগে করেন ১৪ রান। এক প্রান্ত আগলে রাখা নিকোলস ৮৩ বলে ৬৮ রান করে রিশাদ হোসেনের শিকার হন। মাঝপথে ডিন ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ রানের একটি কার্যকর ইনিংস খেলে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান। শেষদিকে আর বড় কোনো জুটি না হওয়ায় ২৪৭ রানেই থামে কিউইদের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন; তারা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তরুণ পেসার নাহিদ রানা একটি করে উইকেট শিকার করেন।

সিরিজে ১-০ তে এগিয়ে যেতে এখন ব্যাটারদের ওপর নির্ভর করছে বাংলাদেশ। মিরপুরের উইকেটে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে টাইগাররা কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

মানবকণ্ঠ/ডিআর