Image description

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার মন্ডল (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কের ‘জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে’ এই দুর্ঘটনা ঘটে।

নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

কোল্ড স্টোরেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তুষার মন্ডল বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সহকর্মী মফিজুল হকের সঙ্গে নৈশকালীন ডিউটিতে ছিলেন। ডিউটি চলাকালে মফিজুল হকের চোখে গ্যাস লেগে অসুস্থ হয়ে পড়লে তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং একাই দায়িত্ব পালন করতে থাকেন।

ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে দেখতে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধান না পাওয়ার পর সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদ থেকে পড়েই তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

মানবকণ্ঠ/ডিআর