নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে। শিশু দুটি তাদের নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় দুই ভাই। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বড় আদিমপুর গ্রামের আকাশ-বাতাস।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments