উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা আরও জোরদার করছে এবং দেশটিতে নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
রাফায়েল গ্রোসি জানান, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্রের ৫ মেগাওয়াট রিঅ্যাক্টর, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং লাইট ওয়াটার রিঅ্যাক্টরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যক্রমের গতি আগের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। স্যাটেলাইট চিত্র ও বিভিন্ন পরোক্ষ সূত্র বিশ্লেষণ করে তিনি জানান, দেশটিতে সম্ভবত আরও একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণ করা হয়েছে।
আইএইএ প্রধানের মতে, উত্তর কোরিয়ার বর্তমান কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে যে দেশটিতে কয়েক ডজন পারমাণবিক ওয়ারহেড তৈরির সক্ষমতা তৈরি হয়েছে। ২০০৯ সালে আন্তর্জাতিক পরিদর্শকদের বহিষ্কারের পর থেকে সেখানে সরাসরি পর্যবেক্ষণ সম্ভব না হলেও, পরোক্ষ নজরদারিতে পারমাণবিক কর্মসূচির এই বিস্তৃত রূপ ধরা পড়ছে।
রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার কোনো রাষ্ট্রের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, বরং এটি বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ও ঝুঁকি বাড়িয়ে তোলে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ।
রাশিয়ার প্রযুক্তির ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়ার প্রযুক্তি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে এমন কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সহযোগিতার চুক্তির বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় নজরদারিতে রাখা হচ্ছে।
সূত্র: রয়টার্স




Comments