Image description

ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে উপনীত না হয়, তবে মার্কিন সামরিক বাহিনী পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু করতে প্রস্তুত রয়েছে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে তিনি তেহরানের প্রতি এই কড়া বার্তা দেন।

পিট হেগসেথ বলেন, বর্তমানে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে। তিনি দাবি করেন, ইরানের কার্যকর কোনো নৌবাহিনী বর্তমানে অবশিষ্ট নেই। যতদিন প্রয়োজন, ইরানের ওপর এই নৌ-অবরোধ জারি রাখা হবে বলেও তিনি সাফ জানিয়ে দেন। মূলত তেহরানকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করতেই মার্কিন সামরিক বাহিনী ইরানে প্রবেশকারী কিংবা সেখান থেকে ছেড়ে আসা সব ধরনের জাহাজের ওপর এই কঠোর অবরোধ আরোপ করছে।

ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে হেগসেথ বলেন, “ইরান, তোমাদের সামনে দুটি পথ খোলা আছে—একটি সমৃদ্ধ ভবিষ্যৎ ও সোনালি সেতুবন্ধন, অথবা ভুল পথ। আমরা আশা করি তোমরা ইরানি জনগণের স্বার্থে সঠিক পথটিই বেছে নেবে। কিন্তু যদি ইরান ভুল পথ বেছে নেয়, তবে তাদের জাতীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাত ভয়াবহ মার্কিন বোমা হামলার মুখে পড়বে।”

সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও জানান, চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে যুদ্ধবিরতি চলাকালীন তারা ইরানে কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না। এছাড়া হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার প্রচেষ্টায় অন্য দেশগুলোর যেকোনো সহযোগিতাকে ওয়াশিংটন স্বাগত জানাবে।

এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে তিনি এখনো বেঁচে আছেন। তিনি ইরানকে যুদ্ধের পথ পরিহার করে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান।

মানবকণ্ঠ/ডিআর