ইরান যুদ্ধে বাইবেলের উদ্ধৃতি ব্যবহার ট্রাম্প প্রশাসনের: পোপ লিওর তীব্র নিন্দা
ভ্যাটিকান ও হোয়াইট হাউসের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে চতুর্দশ পোপ লিও ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে ন্যায্যতা দিতে বাইবেলের উদ্ধৃতি ব্যবহার করা হচ্ছে, যার স্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন পোপ লিও।
বৃহস্পতিবার ক্যামেরুন সফরকালে নিজের মন্তব্য উদ্ধৃত করে পোপ লিও লিখেছেন, "ধিক্ তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম এবং স্বয়ং ঈশ্বরের নামকে বিকৃত করে, এবং যা পবিত্র তাকে অন্ধকার ও কলুষতার দিকে টেনে নিয়ে যায়।"
তিনি বলেন, "মুষ্টিমেয় স্বৈরশাসকের দ্বারা বিশ্ব বিধ্বস্ত হচ্ছে।"
প্রায় ঠিক একই সময়ে ওয়াশিংটন ডিসিতে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সংবাদকর্মীদের বাইবেলের ফরীশীদের সাথে তুলনা করে বক্তৃতা দিচ্ছিলেন।
খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, ফরীশীরা ছিলেন সেইসব ব্যক্তি যারা যিশু খ্রিস্টের অলৌকিক কাজগুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেও তা বিশ্বাস না করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এক্ষেত্রে অলৌকিক ঘটনা বলতে সম্ভবত সাত সপ্তাহব্যাপী যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সাফল্যকে বোঝানো হচ্ছে, যে যুদ্ধে তিন হাজারেরও বেশি ইরানি নিহত হয়েছে।




Comments