একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের সুযোগ রেখে প্রতিরক্ষা চুক্তি সই করেছে ভারত ও রাশিয়া। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী দেশ দুটি একে অপরের ভূখণ্ডে ৩ হাজার পর্যন্ত সেনা মোতায়েন করতে পারবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে এই চুক্তিকে বড় এক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির আওতায় দুই দেশই একে অপরের ভূখণ্ডে যুদ্ধজাহাজ এবং সামরিক বিমানও মোতায়েন করতে পারবে।
সম্প্রতি ভারত সফরের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও নয়াদিল্লির মধ্যে হওয়া এই চুক্তিটি অনুমোদন করেন। এর লক্ষ্য হলো সামরিক ইউনিট মোতায়েন, বন্দরে যুদ্ধজাহাজ নোঙর করা এবং উভয় দেশের সামরিক বিমান চলাচলের জন্য আকাশপথ ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো তৈরি করা।
এ ছাড়া পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরিচালিত যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের সময় সামরিক ইউনিটগুলোকে রসদ সহায়তা বা লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিষয়টিও এই চুক্তির আওতায় থাকবে।




Comments