Image description

ইরানের সাথে যুদ্ধের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

রোববার এনবিসি নিউজের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়।  

জরিপে অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ভূমিকার কারণে মার্কিন প্রেসিডেন্টের কাজের অনুমোদন রেটিং দ্বিতীয় মেয়াদের মধ্যে সর্বনিম্ন ৩৭ শতাংশে নেমে এসেছে।

জরিপে দেখা যায়, ৬৩ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট ছিলেন এবং তাঁদের মধ্যে ৫০ শতাংশ তীব্রভাবে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

একই সমীক্ষায় দেখা গেছে, ৩৩ শতাংশ আমেরিকান প্রেসিডেন্টের যুদ্ধ পরিচালনার পদ্ধতিকে জোরালোভাবে বা কিছুটা সমর্থন করেন এবং ৬৭ শতাংশ জোরালোভাবে বা কিছুটা বিরোধিতা করেন।

জরিপ অনুযায়ী, এই যুদ্ধ আমেরিকানদের মধ্যে দলীয় বিভাজন অব্যাহত রেখেছে, যেখানে ৮২ শতাংশ ডেমোক্র্যাট ও নির্দলীয়রা এর বিরোধিতা করছেন এবং আর সমর্থন করছেন ৭৪ শতাংশ রিপাবলিকান।

বিশেষ করে তরুণদের মধ্যেও যুদ্ধের বিরোধিতা জোরালো রয়েছে।

যেখানে ৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক উত্তরদাতা বলেছেন যে ইরানে যুক্তরাষ্ট্রের আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া উচিত নয়, সেখানে ৩০ বছরের কম বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে ৭৪ শতাংশে দাঁড়িয়েছে।

সব মিলিয়ে, ইরান ইস্যুটি যুক্তরাষ্ট্রে জনমত ও রাজনীতিতে গভীর বিভাজন তৈরি করেছে এবং প্রেসিডেন্টের জনপ্রিয়তার ওপর সরাসরি প্রভাব ফেলছে।