ইরানের বিধ্বস্ত পারমাণবিক স্থাপনাগুলো থেকে ইউরেনিয়াম অপসারণ করা একটি ‘দীর্ঘ এবং অত্যন্ত কঠিন’ প্রক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, গত বছরের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’ ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর এক সর্বাত্মক ধ্বংসযজ্ঞ। সেই ধ্বংসস্তূপ খনন করে ইউরেনিয়াম বের করা এখন বেশ সময়সাপেক্ষ ও জটিল কাজ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, ওই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি সামরিক বিমান ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্র— ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল।
এই পোস্টে মার্কিন সংবাদমাধ্যমগুলোর ওপরও চরম ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। তিনি লেখেন, “ভুয়া সংবাদমাধ্যম সিএনএন এবং অন্যান্য দুর্নীতিগ্রস্ত মিডিয়া নেটওয়ার্ক আমাদের মহান পাইলটদের প্রাপ্য কৃতিত্ব দিতে ব্যর্থ হচ্ছে। তারা সব সময় তাদের তুচ্ছ করার চেষ্টা করছে—লুজারস!”
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনার তোড়জোড় চলছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, ইরান সমঝোতায় আসবে। তবে এর ব্যতিক্রম ঘটলে এবং আলোচনা ব্যর্থ হলে তেহরানকে ‘চরম পরিণতির’ মুখোমুখি হতে হবে বলে আবারও কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
মানবকণ্ঠ/আরআই




Comments