মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান প্রকাশ্যে কঠোর অবস্থান দেখালেও বাস্তবে তারা হরমুজ প্রণালী পুনরায় সচল রাখার জন্য গোপনে চাপ দিচ্ছে।
ট্রাম্পের মতে, প্রতিদিনের বিশাল অংকের অর্থনৈতিক বিপর্যয় এড়াতেই তেহরান এমন সিদ্ধান্ত নিতে চাইছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখতে চায় না; বরং তারা এটি খোলা রাখতে চায়। কারণ এই জলপথ খোলা থাকলে তারা প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার আয় করতে পারে। প্রণালীটি বন্ধ থাকলে ইরানকে এই বিশাল অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।”
ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, মার্কিন চাপের মুখে আন্তর্জাতিক মহলে নিজেদের ভাবমূর্তি রক্ষা বা ‘মুখরক্ষার’ জন্যই তেহরান জলপথটি নিয়ে কঠোর বার্তা দিচ্ছে। কিন্তু পর্দার আড়ালে তারা এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথটি সচল রাখতেই আগ্রহী।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি তেলের বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জলপথ। ইরান এর আগে একাধিকবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিলেও ট্রাম্পের এই দাবি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।




Comments