Image description

ভালোবাসার মানুষের অবহেলা সইতে না পেরে এক ভয়াবহ ও বীভৎস প্রতিশোধ নিলেন এক তরুণী। নতুন পদ্ধতিতে প্রেম নিবেদনের কথা বলে নিজের প্রেমিককে বাড়িতে ডেকে এনে চেয়ারে বেঁধে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরু রাজ্যে।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত তরুণী প্রেরণাকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, ভুক্তভোগী যুবক কিরণ এবং প্রেরণা দুজনেই একটি টেলিকম দোকানে চাকরি করতেন এবং এক বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সম্প্রতি প্রেরণা মনে করছিলেন যে কিরণ তাকে অবহেলা করছে এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করবে না। এই ক্ষোভ থেকেই তিনি এমন নৃশংস পরিকল্পনা করেন।

তদন্তে জানা গেছে, ঘটনার দিন প্রেরণা বাড়িতে একা ছিলেন। তিনি কিরণকে বাড়িতে আমন্ত্রণ জানান এবং বলেন যে তিনি তাকে একটি ভিন্নধর্মী ও রোমান্টিক কায়দায় প্রেম নিবেদন করতে চান। প্রেরণার কথা বিশ্বাস করে কিরণ রাজি হলে তার চোখে পট্টি বেঁধে একটি চেয়ারের সঙ্গে হাত-পা শক্ত করে বেঁধে ফেলা হয়। কিরণ এতে আপত্তি জানালেও প্রেরণা তাকে আশ্বস্ত করেন যে এটি বিদেশে জনপ্রিয় একটি পদ্ধতি।

হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় কিরণ যখন সারপ্রাইজের জন্য অপেক্ষা করছিলেন, তখনই প্রেরণা তার শরীরে দাহ্য তরল ঢেলে আগুন ধরিয়ে দেন। নৃশংসতার এখানেই শেষ নয়; কিরণ যখন আগুনের লেলিহান শিখায় ছটফট করছিলেন, সেই পুরো দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করেন প্রেরণা।

বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার ডিএল নাগেশ সংবাদমাধ্যমকে জানান, “অভিযুক্ত তরুণীকে আমরা হেফাজতে নিয়েছি। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে অবহেলার প্রতিশোধ নিতেই তিনি কিরণকে পুড়িয়ে হত্যা করেছেন। তাদের সম্পর্কের টানাপোড়েনই এই হত্যাকাণ্ডের মূল কারণ।”

বর্তমানে এই ঘটনাটি ভারতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রেমের সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয়রা। পুলিশ পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছে।

মানবকণ্ঠ/আরআই