যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে ঝুলে থাকা সংলাপ পুনরুজ্জীবিত করতে পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া দ্বিতীয় দফার আলোচনার পথ সুগম করতে ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে আরাগচি ইসলামাবাদে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মুনির।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সফরকালে আরাগচি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। মূলত মধ্যপ্রাচ্যসহ সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা কমাতে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকভ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে পৌঁছাবেন এবং ইরানি প্রতিনিধি দলের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এক বিবৃতিতে বলেন, "পাকিস্তানের প্রত্যক্ষ মধ্যস্থতায় দুই পক্ষের এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়ায় ইসলামাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" তিনি আরও জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তিনি আলোচনার পুরো প্রক্রিয়ার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার এই আলোচনা শুরু করতে জোরালো ভূমিকা রাখছে। উল্লেখ্য, এর আগে গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে দুই দেশের মধ্যে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছিল। তবে আরাগচির এই সফর নতুন করে আবার আশার আলো দেখাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments