Image description

ওয়াশিংটন ইরানের “প্রায় অর্ধ বিলিয়ন” ডলারের ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করেছে বলে দাবি করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেট বলেন, আমরা প্রায় ৩৫ কোটি ক্রিপ্টো সম্পদ জব্দ করতে পেরেছি, এবং এর উপরে সম্প্রতি পাওয়া আরও ১০০ কোটি সম্পদ যোগ হওয়ায়, সব মিলিয়ে এখন তা প্রায় অর্ধ বিলিয়নে পৌঁছেছে, এবং আমরা সব জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করছি।

তিনি বলেন, ট্রাম্প গত বছরের মার্চ মাসে অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এবং প্রায় তিন সপ্তাহ আগে তাকে “চাপ আবারও বাড়াতে” বলেছেন।

যুক্তরাষ্ট্র এখন বিদেশি সরকার ও কোম্পানিগুলোকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য চাপ দিচ্ছে।

তিনি বলেন, “আমরা ইরানি তেলের ক্রেতাদের কাছে গিয়ে বলেছি যে... আমরা আপনাদের শিল্পখাত এবং সেইসব ব্যাংকগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত, যারা তাদের সিস্টেমে ইরানি তেলকে প্রশ্রয় দেয়।”

বেসেন্ট আরও বলেন যে, এই অর্থনৈতিক অভিযান এবং ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতিতে স্থায়ী ক্ষতি করবে।

তবে ইরান তা প্রত্যাখ্যান করে বলছে, এতে বৈশ্বিক জ্বালানি বাজারেই অস্থিরতা তৈরি হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফও এক্স-এ একটি পোস্টে বেসেন্টের সমালোচনা করে ট্রাম্পকে দেওয়া তার পরামর্শকে “আবর্জনা” বলে অভিহিত করেছেন।