ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি হলে তা অবশ্যই ওয়াশিংটনের স্বার্থ রক্ষা করে হতে হবে এবং এ ক্ষেত্রে ইরানকেই বড় ধরনের ছাড় দিতে হবে।
শাফাক নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফ্লোরিডার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানান, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে। তবে কার সঙ্গে আলোচনা করা সবচেয়ে কার্যকর হবে, যুক্তরাষ্ট্র এখন তা যাচাই করে দেখছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।”
ট্রাম্পের দাবি, ইরানের বর্তমান নেতৃত্বে বড় ধরনের ফাটল ও বিভক্তি রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন। যদিও এসব দাবির সপক্ষে তিনি বিস্তারিত কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের একটি সংশোধিত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন অনমনীয় মনোভাব ইঙ্গিত দিচ্ছে যে, ভবিষ্যতে কোনো সমঝোতা হলেও ইরানকে অত্যন্ত কঠিন শর্তের মুখোমুখি হতে হবে। এর আগে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হলেও স্থায়ী কোনো সমাধান এখনো আসেনি।
মানবকণ্ঠ/আরআই




Comments