Image description

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হবে। ভারতের আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফলও আজ ঘোষণা করা হবে। তবে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকেই নজর রয়েছে সবার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস টানা চর্তুথবারের মতো সরকার গঠন করবে, নাকি পশ্চিমবঙ্গেও মোদি ম্যাজিক দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি প্রথমবারের মতো ইতিহাস গড়ে ক্ষমতায় আসতে চলছে তা নিয়ে শেষ মুহূর্তেও চলছে চুলচেরা বিশ্লেষণ।

নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বুথফেরত জরিপগুলো পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। কিছু জরিপ বিজেপিকে এগিয়ে রাখলেও অন্য কিছু জরিপ বা সমীক্ষায় তৃণমূল কংগ্রেসের সামান্য এগিয়ে থাকার সম্ভাবনা দেখিয়েছে। আবার অনেক বুথফেরত জরিপে বিজেপি বড় ব্যবধানে উত্থান ঘটিয়ে সরকার গঠনের কাছাকাছি বা ম্যাজিক ফিগার পার করার ইঙ্গিতও দিয়েছে।

এবার ৯০ শতাংশের বেশি রেকর্ড ভোটদান হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে মানুষ নাগরিক অধিকারের প্রশ্নে সচেতন ছিল। এবারের নির্বাচনে মূল ইস্যু ছিল নাগরিকত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন—যা এই নির্বাচনে বড় প্রভাব ফেলেছে।

প্রথম দফায় পশ্চিমবঙ্গে ১৫২টি আসনে ভোট হয় এবং সেখানে ভোটের হার ছিল ৯২.৮৮ শতাংশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে ১৫টি বুথে পুনঃভোটের নির্দেশ দিয়েছে। এর মধ্যে ১১টি মাগরাহাট পশ্চিমে এবং চারটি ডায়মন্ড হারবার কেন্দ্রে। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় পুনঃভোট চলাকালে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, স্বাধীনতার পর এই প্রথম পশ্চিমবঙ্গে দুই দফাতেই সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে।

পশ্চিমবঙ্গসহ আজ সকাল প্রায় ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।  প্রথমে ডাকযোগে প্রাপ্ত ব্যালট গণনা করা হবে, এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) গণনা শুরু হবে।  আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ফলতা আসনে পুনঃভোট গ্রহণ করা হবে ২১ মে এবং ভোট গণনা হবে ২৪ মে।

উল্লেখ্য, ফলতা আসনের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। নির্বাচনের আগে এই আসনের দায়িত্বে থাকা উত্তর প্রদেশের আইপিএস কর্মকর্তা অজয়পাল শর্মাকে ঘিরেও বিতর্ক তৈরি হয়। ‘সিংহম’ নামে পরিচিত এই কর্মকর্তা এলাকায় আসার পর তাঁকে হুমকি দিয়ে জাহাঙ্গীর খান বলেছিলেন, ‘আপনি সিংহম হলে আমি পুষ্পা, এই এলাকা আমার।’

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস