Image description

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয়ের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক ট্রেন্ড বা গণনার ধারা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে বড় ব্যবধানে পেছনে ফেলে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছেছে পদ্ম শিবির। এমন পরিস্থিতিতে রাজ্যে বিজেপিই সরকার গড়বে বলে ঘোষণা দিয়েছেন বর্তমান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দেওয়া তথ্যমতে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি এখন পর্যন্ত ১৮৬টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৫টি আসনে। সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে প্রাথমিক এই ব্যবধান বজায় থাকলে রাজ্যে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি আসামেও জয়ের সুবাতাস বইছে বিজেপির শিবিরে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেখানেও বিজেপি তাদের আধিপত্য ধরে রেখেছে। তবে দক্ষিণ ভারতের চিত্র অনেকটা ভিন্ন। তামিলনাড়ুতে ডিএমকে–কংগ্রেস জোট এবং কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ফলাফলেও যদি এই ধারা বজায় থাকে, তবে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় হিসেবে চিহ্নিত হবে। শুভেন্দু অধিকারীর দাবি, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং বিজেপি সরকার গঠনের মাধ্যমে রাজ্যে নতুন যুগের সূচনা করবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই

মানবকণ্ঠ/আরআই