হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর একীভূত কমান্ড স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশি সশস্ত্র বাহিনী এই কৌশলগত জলপথে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর সরাসরি হামলা চালানো হবে।
সোমবার (৪ মে) ইরানের সামরিক বাহিনীর সমন্বিত কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি রয়টার্সের বরাতে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। তিনি মার্কিন বাহিনীকে প্রণালীটি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে ইরানি বাহিনী ‘কঠোরভাবে জবাব’ দেবে।
আলী আবদুল্লাহি তার বিবৃতিতে বলেন, “আমরা বারবার বলেছি যে, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের হাতে। নৌযানগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে হলে অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা সতর্ক করছি যে, যেকোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার বা প্রবেশ করার চেষ্টা করে, তবে তাদের ওপর আক্রমণ করা হবে।”
একই সঙ্গে ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর সাথে পূর্ব সমন্বয় না হওয়া পর্যন্ত বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোকে ওই জলপথে যেকোনো ধরনের চলাচল থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযানের ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে মুক্ত করতে সোমবার থেকেই মার্কিন বাহিনী কাজ শুরু করবে। ট্রাম্পের সেই ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় ইরানের পক্ষ থেকে এই সরাসরি হামলার হুমকি এল।




Comments