থাইল্যান্ড থেকে ফেরার পথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার হয়েছেন ২০ বছর বয়সী এক ব্রিটিশ তরুণ-তরুণী। মাদক পাচারের এই গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে তারা তুরস্কের একটি কারাগারে বন্দি রয়েছেন।
আটককৃতরা হলেন ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা হলি কুপার এবং তার প্রেমিক টেলর জনসন। পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস থাইল্যান্ডে সময় কাটিয়ে গত ২৬ এপ্রিল লন্ডনে ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। ইস্তাম্বুল বিমানবন্দরে ট্রানজিট নেওয়ার সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হলে তাদের স্যুটকেস তল্লাশি করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়।
তুরস্কের কঠোর মাদক আইন অনুযায়ী, এই অপরাধে ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে। মামলার বিচার প্রক্রিয়া শুরু হতেই অন্তত এক বছর সময় লাগতে পারে। এদিকে, জনসনের পরিবার অভিযোগ করেছে যে, জনাকীর্ণ কারাগারে তাদের ছেলের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে।
তবে হলি ও জনসনের পরিবার তাদের নির্দোষ দাবি করে বলছে, তারা কোনো ভয়ংকর অপরাধী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাদের দাবি, সরলতার সুযোগ নিয়ে বড় কোনো চক্র তাদের ‘মগজ ধোলাই’ করে এই কাজে ব্যবহার করেছে। বর্তমানে তাদের আইনি লড়াই চালানোর জন্য পরিবারের পক্ষ থেকে তহবিল সংগ্রহের চেষ্টা চলছে।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং আটক দুই নাগরিকের পরিবারকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে। ইস্তাম্বুলের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
মানবকণ্ঠ/আরআই




Comments